‘নিজের ভোট নিজে দিতে পেরে ভালো লাগছে’

ময়মনসিংহ বিভাগের জেলা জামালপুর। সকালে কিছুটা ঠান্ডা থাকায় প্রথম প্রহরে কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল অল্প। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। যার মধ্যে বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি লক্ষণীয় বলে এশিয়া পোস্টের প্রতিবেদক নিশ্চিত করেছেন।
জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দেখা গেছে ভোটারদের উপচে পড়া ভিড়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেক কেন্দ্রে দীর্ঘ লাইনও দেখা যায়। যারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছেন। অনেকে দীর্ঘ সময় পর ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন।
এ সময় ভোটাররা এশিয়া পোস্টকে বলেন, ‘সকাল সকাল এসে লাইনে দাঁড়িয়েছি, সুন্দর পরিবেশে ভোট দিতে পারছি। কোনো ঝামেলা নেই, শান্তিপূর্ণভাবে ভোট চলছে। নিজের ভোট নিজে দিতে পেরে ভালো লাগছে।’
জেলার ৬২৩টি ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন ২১ লাখের বেশি ভোটার। আর ৫টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৪ জন প্রার্থী।