বুধবার নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনি ইশতেহার প্রকাশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো আমন্ত্রণপত্র থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে জামায়াতের নির্বাচনি ইশতেহার প্রকাশ করা হবে।
আমন্ত্রণপত্রে আরও বলা হয়, নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতির ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা বিষয়ে জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার জাতির সামনে উপস্থাপন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, নির্বাচনে জামায়াত একাই ২১৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এ ছাড়া নির্বাচনি ঐক্যে থাকা অন্য দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২৯টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২৩টি, খেলাফত মজলিস ১২টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সাতটি, এবি পার্টি তিনটি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি তিনটি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) দুটি আসনে এককভাবে নির্বাচন করবে।
১১ দলীয় জোট
বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ লেবার পার্টি।