logo

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে নতুন সিলেবাস প্রকাশ, পরীক্ষা এপ্রিলেই

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে নতুন সিলেবাস প্রকাশ, পরীক্ষা এপ্রিলেই

বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগের জন্য পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

সম্প্রতি এনটিআরসিএর ওয়েবসাইটে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার এবং সহকারী সুপার পদে নিয়োগ পরীক্ষার বিস্তারিত সিলেবাস প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১৮ এপ্রিল এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, মানসম্মত এবং কাঠামোবদ্ধ করতে নতুন এই সিলেবাস নির্ধারণ করা হয়েছে।

ঘোষিত সিলেবাস অনুযায়ী, পরীক্ষাটি হবে ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে। এর মধ্যে বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে ১০ নম্বর করে মোট ৩০ নম্বর নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মানসিক দক্ষতা ও সাধারণ জ্ঞান থেকে থাকবে ১০ নম্বর। প্রশাসনিক ব্যবস্থাপনায় ১০ নম্বর, আর্থিক ব্যবস্থাপনায় ১০ নম্বর এবং সংশ্লিষ্ট শিক্ষা ব্যবস্থাপনা বিষয়ে ২০ নম্বর বরাদ্দ রাখা হয়েছে।

এনটিআরসিএর বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের তিনটি শিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রধান ও সহকারী প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মোট ১৩ হাজার ৫৯৯টি শূন্য পদ রয়েছে।

এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠানগুলোতে শূন্য পদ রয়েছে ১০ হাজার ২৭৮টি। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ ১৪০টি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে রয়েছে ৩ হাজার ১৩১টি পদ।

সব মিলিয়ে তিন অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ১৩ হাজার ৫৯৯টি পদে নিয়োগের সুযোগ তৈরি হয়েছে।