logo

৪৮তম বিশেষ বিসিএস থেকে ৩২৬৩ জনকে নিয়োগ

৪৮তম বিশেষ বিসিএস থেকে ৩২৬৩ জনকে নিয়োগ

৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষার মাধ্যমে ৩ হাজার ২৬৩ জনকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে সহকারী সার্জন পদে ২ হাজার ৯৮৪ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ২৭৯ জনকে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২৯ সেপ্টেম্বর ও ২৭ অক্টোবর চিঠির তথ্যের আলোকে ৩ হাজার ২৬৩ প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হলো। তারা জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতন পাবেন।

শর্ত মেনে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।