ঢাবির টিএসসিতে চলছে চাকরি মেলা, চীনের প্রতিষ্ঠানে ৪৩০ চাকরির সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দিনব্যাপী ‘সিনো-বাংলা ডে ২০২৬’ চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রায় ৩০ থেকে ৪০টি চীনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য রয়েছে প্রায় ৪৩০টি চাকরির সুযোগ।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশে চীনা দূতাবাস ও ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে ‘সিনো-বাংলা ডে’ আয়োজনের উদ্যোগ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এ আয়োজনের বাস্তবায়নে রয়েছে।
মেলায় অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা চীনা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছে সরাসরি ও অনলাইনে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিতে পারছেন। পাশাপাশি বিভিন্ন পদের যোগ্যতা, কাজের ধরন ও নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে প্রতিনিধিদের কাছ থেকে জানার সুযোগ রয়েছে।
আয়োজকেরা জানান, জমা দেওয়া সিভির ভিত্তিতে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও মেলায় অংশ নিতে পারছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ইয়ান হুয়ি বলেন, এ আয়োজন বাংলাদেশ ও চীনের সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে চীনা প্রতিষ্ঠানগুলো কাজ করছে।
আয়োজকেরা জানান, ‘সিনো-বাংলা ডে’ আয়োজনের সহ-আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশে ওভারসিজ চায়নিজ অ্যাসোসিয়েশন এবং আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার।



