প্রশ্নফাঁসের অভিযোগ, যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে নিয়োগ পরীক্ষাটি স্থগিত করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।
বিষয়টি নিশ্চিত করেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব ডি এম আতিকুর রহমান।
প্রশ্নফাঁসের পর স্থগিত করা হয়েছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন কেন্দ্রে বেলা ১১টা থেকে এই পরীক্ষার সময় নির্ধারিত ছিল। পরীক্ষা শুরু হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁস হয়ে গেলে স্থগিত করে দেওয়া হয় চাকরির এই নিয়োগ পরীক্ষা।
রাজধানীর সেগুনবাগিচা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এই নিয়োগ পরীক্ষা দিতে এসেছিলেন রায়হান ইসলাম। তিনি এশিয়া পোস্টকে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে প্রবেশ করি। এর মধ্যে ওএমআর শিটও বিতরণ করা হয় চাকরি প্রার্থীদের। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগেই স্থগিত করে দেওয়া হয় নিয়োগ পরীক্ষা।
রায়হান আরও জানান, প্রশ্নফাঁসের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানায়নি যুব উন্নয়ন কর্তৃপক্ষ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছে।
চাকরি প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা রাজধানীতে এসেছি এই নিয়োগ পরীক্ষা দিতে। কিন্তু পরীক্ষার আগের রাতেই প্রশ্ন ফাঁস হয়ে গেছে। এমন অব্যবস্থাপনা, দুর্নীতি মেনে নেওয়া যায় না। অবিলম্বে এর সুষ্ঠু তদন্ত করে প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
তথ্যমতে, ২৪২ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগের জন্য গত ১৭ মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল যুব উন্নয়ন অধিদপ্তর। সারাদেশের লক্ষাধিক চাকরি প্রার্থী সরকারি চাকরি পেতে আবেদন করেছিলেন।
