যুব উন্নয়ন অধিদফতরের সেই পরীক্ষার ফল প্রকাশ

প্রশ্নফাঁসের খবরের পর পরীক্ষা স্থগিত, রাত জেগে প্রতিমন্ত্রীর নতুন প্রশ্নপত্র প্রণয়ন এবং নজিরবিহীন নিরাপত্তার মধ্যদিয়ে নতুন প্রশ্নে পরীক্ষা–সব মিলিয়ে যুব উন্নয়ন অধিদফতরের ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদের বাছাই পরীক্ষাটি নিয়ে ছিল ব্যাপক আলোচনা। অবশেষে বহুল চর্চিত এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৮৬ জন প্রার্থী।
শনিবার (১৭ অক্টোবর) অধিদফতরের যুগ্ম সচিব ও বিভাগীয় নিয়োগ কমিটির সভাপতি ডি এম আতিকুর রহমানের সই করা এক অফিস আদেশে এ ফল জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যুব উন্নয়ন অধিদফতরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (গ্রেড-১১)–যার পূর্বপদ ছিল ক্রেডিট সুপারভাইজার-এর ২৪২টি শূন্য পদে নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হয়।
অধিদফতর সূত্রে জানা গেছে, প্রাক-বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরবর্তী সময়ে যুব উন্নয়ন অধিদফতরের অফিশিয়াল ওয়েবসাইট (www.dyd.gov.bd) এবং প্রার্থীদের মুঠোফোনে টেলিটকের মাধ্যমে খুদে বার্তার সাহায্যে জানিয়ে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়, নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে কোনো প্রার্থী অসদুপায় অবলম্বন বা অনিয়ম করলে তার প্রার্থিতা ও ফলাফল সরাসরি বাতিল বলে গণ্য হবে।
উল্লেখ্য, ২৪২টি শূন্য পদের বিপরীতে এই নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন প্রায় ৩ লাখ ১৯ হাজার চাকরিপ্রার্থী। পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষাটি ১০ অক্টোবর হওয়ার কথা থাকলেও পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ায় তা স্থগিত করা হয়।
পরবর্তী সময়ে প্রশ্নপত্র তৈরি ও ছাপানোর স্থান পরিবর্তন করে সম্পূর্ণ নতুন প্রশ্নে ১৬ অক্টোবর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষার আগের রাতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক নিজেই সচিবালয়ে রাত কাটান।
