সরকারিভাবে ব্রুনাইয়ে ৪৪ কর্মী নিয়োগ, আবেদন যেভাবে

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ে সরকারিভাবে বিভিন্ন কোম্পানির বিভিন্ন পদে ৪৪ দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। দুই বছরের শ্রমচুক্তি ও নবায়নযোগ্য চুক্তি এবং বিনামূল্যে থাকাসহ নানা সুবিধায় এসব শ্রমিক নিয়োগ দেওয়া হবে।
মঙ্গলবার (৭ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের আবেদন আহ্বান করেছে।
চাকরির শর্তাবলি
• শ্রম চুক্তি: ২ বছর ও নবায়নযোগ্য
• কর্মঘন্টা: দৈনিক ৮ ঘন্টা ডিউটি;
• থাকা: কোম্পানি বহন করবে;
• খাওয়া: কর্মীকে বহন করতে হবে;
• বিমান ভাড়া: নিয়োগকর্তা বহন করবে;
• মেডিকেল, বিমা, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধাদি ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
অন্যান্য শর্তাবলি
• আগ্রহী প্রার্থীদের পাসর্পোট নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাদি বোয়েসেল-এর নির্ধারিত অনলাইন আবেদন লিংক brms.boesl.gov.bd-এ আগামী ২৬.০৬.২০২৬ তারিখ এর মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করা হলো।
• অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ বিকাশ ১০০ টাকা পরিশোধ করে ট্রানজেকশন আইডি প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে;
• অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। প্রাপ্ত আবেদনকৃত প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই করে চাকরির সাক্ষাৎকারের জন্য তালিকা প্রস্তুত করে নিয়োগকর্তা কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে;
• সাক্ষাৎকারের সময় প্রার্থীর মূল পাসর্পোট ইংরেজি জীবন বৃত্তান্ত ও অভিজ্ঞতার সনদসহ অন্যান্য প্রমাণাদি সঙ্গে আনতে হবে;
• অনলাইনে আবেদন, চাকরির সাক্ষাৎকার এবং চূড়ান্ত নির্বাচন কোনো প্রার্থীর চাকরির নিশ্চয়তা বহন করে না এবং কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে;
• যুদ্ধ বিগ্রহ, প্রাকৃতিক বিপর্যয় ও মহামারীর কারণে মধ্যপ্রাচ্য, সিরিয়াসহ বিভিন্ন দেশ হতে বাধ্যতামূলকভাবে ফেরত আসা কর্মীগণ পুণরায় বিদেশ গমণে আগ্রহী হলে সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা ও অভিজ্ঞতা থাকা সাপেক্ষে নিয়োগকর্তা কর্তৃক অগ্রাধিকার পাবে।
• ইংরেজি ও মালয় (মালয়েশিয়া) ভাষা জানা প্রার্থীদের নিয়োগকর্তা কর্তৃক অগ্রাধিকার পাবে।
সার্ভিস চার্জ
নিয়োগকর্তা কর্তৃক চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ, ভ্যাট, এআইটি, বীমা, ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার ফি, রেজিস্ট্রেশন ফি ও আনুষঙ্গিক ব্যয় বাবদ দক্ষদের ক্ষেত্রে ৫৬,৩৫০/- (ছাপ্পান্ন হাজার তিনশত পঞ্চাশ) এবং অদক্ষ/আধা-দক্ষদের ক্ষেত্রে ৪৪ হাজার ৮৫০ টাকার পে-অর্ডার ‘বোয়েসেল, ঢাকা’ নামে সোনালী ব্যাংক, মগবাজার শাখা থেকে সম্পন্ন করে বোয়েসেলে মূল কপি জমা দিতে হবে। দূতাবাস কর্তৃক নির্ধারিত ভিসা ফি ও বাংলাদেশের মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে। নির্ধারিত সার্ভিস চার্জের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করলে নিশ্চিত প্রতারক হিসেবে বিবেচিত হবে।
সতর্কবার্তা
বিজ্ঞপ্তিতে বলা হয়, নগদ লেনদেন থেকে বিরত থাকুন। প্রতারণা থেকে সাবধান। বোয়েসেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো অর্থ প্রদান করবেন না। বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশে বোয়েসেলের কোনো এজেন্ট/সাব-এজেন্ট/প্রতিনিধি বা শাখা অফিস নেই। যেকোনো জরুরি প্রয়োজনে ০২-৪৮৩১৯১২৫, ০২-৪৮৩১৭৫১৫, ০২-৫৮৩১১৮৩৮ নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে।





