Advertisement

সালাহউদ্দিন আহমদকে গুম: জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

এশিয়া পোস্ট ডেস্ক
সালাহউদ্দিন আহমদকে গুম: জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, ইনসেটে সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে গুম করার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী ২৭ আগস্ট হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এই আদেশ দেন। এই মামলার পরবর্তী শুনানির দিন ২৭ আগস্ট নির্ধারণ করা হয়েছে। জিয়াউল আহসান মানবতাবিরোধী অন্য একাধিক মামলায় গ্রেপ্তার আছেন।

চলতি বছরের ১৯ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের ঘটনায় অভিযোগ দেন সালাহউদ্দিন আহমদ। সেখানে জিয়াউল আহসান ছাড়াও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া ও পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামসহ অজ্ঞাতনামা অনেকের বিরুদ্ধে অভিযোগ আনেন সালাহউদ্দিন আহমদ।

২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিন আহমদকে তুলে নেওয়া হয় বলে তখন অভিযোগ করেন তার স্ত্রী হাসিনা আহমদ। অন্যদিকে তখন বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সালাহউদ্দিন আহমদকে উঠিয়ে নিয়ে গেছেন। ওই সময় বিএনপির মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন সালাহউদ্দিন আহমদ।

একই বছরের ১১ মে সালাহউদ্দিন আহমদকে উদ্ধার করে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাহউদ্দিন আহমদ শিলংয়ে উদ্‌ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট সালাহউদ্দিন আহমদকে দেশে ফেরার জন্য ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস দেয় ভারত। ওই বছরের ১১ আগস্ট দেশে ফেরেন তিন।