logo

আগাম জামিন পেলেন আমির হামজা

আগাম জামিন পেলেন আমির হামজা

মানহানির মামলায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা।

সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে এই মামলায় আগাম জামিন নিতে সোমবার সকালে হাইকোর্টে আসেন আমির হামজা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি করেন। এরপর ওই দিনই আমির হামজাকে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। তবে নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছিলেন বিচারক।

আমির হামজার আইনজীবী শিশির মনির বলেন, মানহানির অভিযোগে একজনের পক্ষে আরেকজন মামলা দিতে পারে না। এটা নিয়ম বহির্ভূত। 

এদিকে জামিন আবেদনে আপত্তি না জানালেও রাষ্ট্রপক্ষের আইনজীবী আশিকুজ্জামান নজরুল বলেন, দায়িত্বশীল পদে থেকে ওনার আরও দায়িত্বশীল হওয়া উচিৎ।

আমির হামজার বিরুদ্ধে অভিযোগ, তিনি গত ২৬ মার্চ কুষ্টিয়ার একটি মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন।