আইসিটি আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইন, ১৯৭৩-এর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৮ জুলাই) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ মহসিন রশিদ এ রিট আবেদন করেন। এতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়।
রিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-কে ‘অপ্রচলিত’, ‘কার্যকারিতাহীন’ এবং ‘রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার’ হিসেবে উল্লেখ করে আইনটি বাতিলের উদ্যোগ নিতে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছিল।
আবেদনে বলা হয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের সহযোগীদের যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করার জন্য নির্দিষ্ট উদ্দেশ্যে ১৯৭৩ সালের এ আইন প্রণয়ন করা হয়েছিল। তবে পরবর্তীতে শিমলা চুক্তি এবং ত্রিপক্ষীয় দিল্লি চুক্তির মাধ্যমে যুদ্ধবন্দিদের প্রত্যাবাসনের পর এ আইনের কার্যকারিতা শেষ হয়ে যায় বলে দাবি করা হয়।
রিটে আরও বলা হয়, ২০০৯ সালে আইনটি রাজনৈতিক উদ্দেশ্যে পুনরায় কার্যকর করা হয় এবং তৎকালীন বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে এটি ব্যবহার করা হয়েছে।
এ ছাড়া আবেদনকারী দাবি করেন, এ আইনের প্রয়োগ সংবিধানের ৩১ ও ৩৫ অনুচ্ছেদে নিশ্চিত করা আইনের আশ্রয় লাভের অধিকার এবং ন্যায়বিচারের সাংবিধানিক সুরক্ষার পরিপন্থি। পাশাপাশি সংবিধানের ৯৪(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী হাইকোর্ট বিভাগের বিচারকদের ট্রাইব্যুনালে বিচারক হিসেবে দায়িত্ব দেওয়া সংবিধানসম্মত নয় বলেও রিটে উল্লেখ করা হয়।
তবে শুনানি শেষে হাইকোর্ট রিট আবেদনটি খারিজ করে দেন।
.png)





