‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ বলা সেই যুবক ৭ দিনের রিমান্ডে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরে তাকে বহনকারী রুয়েটের বাস নিয়ে ফেসবুকে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবককে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার (২৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
অতিরিক্ত কৌঁসুলি মুহাম্মদ শামসুদ দোহা সুমন এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযুক্ত মো. আবু বকর সিদ্দিককে (২২) আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে তাকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
গত ২০ অক্টোবর বিকেল ৩টার দিকে সামরিক উড়োজাহাজে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে রুয়েটের (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) একটি বাসে তিনি রাজশাহী শহরে যান। একই বাসে তিনি ঐতিহাসিক মাদ্রাসা মাঠে সমাবেশে যোগ দেন এবং দুর্গাপূজাকে কেন্দ্র করে ধর্মসভা মন্দির পরিদর্শন করেন। এরপর ওই বাসে শহর থেকে শাহ মখদুম বিমানবন্দরে ফিরে যান তিনি।
‘দ্য বিউটি অব রাজশাহী’ নামে একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সফরে ব্যবহৃত বাসটির ছবি পোস্ট করা হয়। ছবির ক্যাপশনে প্রধানমন্ত্রীর বুলেটপ্রুফ বাসের পরিবর্তে রুয়েটের বাস ব্যবহার করা নিয়ে প্রশ্ন তোলা হয়।
মন্তব্যের ঘরে ‘মো. আবু বকর সিদ্দিক’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়: ‘ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’।
মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট অ্যাকাউন্টের ব্যবহারকারীকে শনাক্ত করে অভিযান চালায়। এরপর আবু বকরকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক ওই মন্তব্যের বিষয়টি স্বীকার করেছেন। তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
