logo

হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ বছর কারাদণ্ড

হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ বছর কারাদণ্ড

পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ বছর ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ৪ বছর কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। 

একই মামলায় দুজনকে দুই লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে ছয় মাস করে এক বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন।

পৃথক দুই মামলার প্রধান আসামি রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ৭ বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা। ববির ছোট বোন আজমিনা হক সিদ্দিক রুপন্তিকে ৭ বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে আদালত। 

রায় প্রদানকালে মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম। দুই মামলায় ৩১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। খুরশিদ আলমকে দুই মামলায় ২ বছর সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় শেখ হাসিনা, টিউলিপসহ ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে গত বছরের ১০ মার্চ আরও দুই আসামিসহ মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ৩১ জুলাই থেকে বিচার শুরু হয়। মামলায় মোট ৩১ জন সাক্ষ্য দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও তা গোপন করেছে। একইসঙ্গে শেখ হাসিনা সর্বোচ্চ ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের প্রভাবিত করেছেন। মামলার আসামিরা পূর্বাচলের নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ১০ কাঠা করে প্লট তাদের নামে বরাদ্দ দেন।