logo

সালমানের স্টুডিওতে হামলা: জামিন পেলেন মামলার প্রধান আসামি

সালমানের স্টুডিওতে হামলা: জামিন পেলেন মামলার প্রধান আসামি
সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের দৃশ্য। ইনসেটে সালমান মুক্তাদির। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে অনুপ্রবেশ করে ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনায় করা মামলায় জামিন পেয়েছেন প্রধান আসামি শাহরিয়ার মাহমুদ।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত সোমবার (১২ অক্টোবর) শুনানি শেষে আসামির ১০ হাজার টাকা মুচলেকায় ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) তারেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর মধ্যরাতে নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। এ ঘটনায় প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

এই মামলার অন্য আসামিরা হলেন শাহরিয়ার মাহমুদ (৬০), মো. আবুল কাশেম (৫৩), মো. বাবুল হোসেন (৪৯), মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী (৬৭), মোহাম্মদ সাহিনুজ্জামান (৪৭), মো. মতিউর রহমান (৪৮), মজিবুর রহমান (৪৭), নুরুল ইসলাম (৫১), মিজানুর রহমান (৫৯), এমকে আজাদ (৫৪), মো. মামুন (৩২), মো. আসলাম (২৪) ও মুন্না (২৯)।

এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার বলা হয়, পূর্বশত্রুতার জের ধরে আসামিরা প্রজেক্টে প্রবেশ করে ৫০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় প্রজেক্টের সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজ এবং নিরাপত্তারক্ষীদের মারধর করে মারাত্মক জখম করা হয়।

আরও বলা হয়, হামলাকারীরা মেইন গেট, গ্লাস ও ফার্নিচার ভাঙচুরসহ নগদ টাকা, রড, বাইক ও অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায়। এর মধ্যে প্রজেক্টের মেইন গেট, থাইগ্লাস ও কেঁচি গেট ভাঙচুর করে আনুমানিক ১৫ লাখ টাকার এবং অফিসের ভেতরে কম্পিউটার, মনিটর, ফ্রিজ, টিভি, আলমারি ভাঙচুর করে আরও ১২ লাখ টাকার ক্ষতিসাধন করে।

এ ছাড়া প্রজেক্টের অফিস রুমের লকার ভেঙে নির্মাণসামগ্রী কেনার জন্য রাখা নগদ ২৫ লাখ টাকা, বিভিন্ন সাইজের ২০০ ফুট তার যার মূল্য ৫৫ লাখ টাকা, ২৩ টন রড ও ফ্ল্যাট মালিকের ১টি ৪ লাখ টাকার স্কুটার চুরির কথা বলা হয়েছে। এ হামলায় প্রতিষ্ঠানের আনুমানিক ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে এবং হামলাকারীরা ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে গেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ক্ষয়ক্ষতির বিষয়ে অভিযোগে আরও বলা হয়, প্রজেক্টে ৫ হাজার স্কয়ার ফুটের ফ্লোরে সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস স্টুডিও’-তে অনধিকার প্রবেশ করে দুটি টিভি, এসি ও মূল্যবান ফার্নিচার ভাঙচুর করে ৯৫ লাখ টাকার আর্থিক ক্ষতিসাধন করা হয়। এর মধ্যে বিপুল পরিমাণ দামি শুটিং ও টেকনিক্যাল ইকুইপমেন্ট রয়েছে।