logo

সুপ্রিম কোর্টে অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে নতুন নির্দেশনা

সুপ্রিম কোর্টে অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে নতুন নির্দেশনা
সুপ্রিম কোর্ট। ছবি: এশিয়া পোস্ট

সুপ্রিম কোর্ট এলাকায় রাতে অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ বেড়েছে। এতে আদালত এলাকার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। ফলে সুপ্রিম কোর্টে রাতে প্রবেশের সময় পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করেছে হাইকোর্ট বিভাগ।

বুধবার (৭ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি প্রয়োজনে কেউ রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চাহিদামতো এনআইডি বা অফিসিয়াল পরিচয়পত্র দেখাতে হবে।

হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান এবং গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা এখানকার বিভিন্ন ভবনের আদালতকক্ষে বিচারকাজ পরিচালনা করেন। এ কারণে বিচারপতি, মামলায় নিয়োজিত আইনজীবী এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্টে প্রবেশের সময় পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য আগেও নির্দেশনা দেওয়া হয়েছিল। সম্প্রতি রাতে সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশের বিষয়টি নজরে এসেছে। এতে আদালত এলাকার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

এ অবস্থায় রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশকারীদের অবশ্যই নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে ওই সময়ে কেউ প্রবেশ করলে নিরাপত্তাকর্মীদের চাহিদা অনুযায়ী এনআইডি কার্ড বা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে হাইকোর্ট বিভাগ।