শিশু আছিয়া হত্যা মামলা: হাইকোর্টে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর শুনানি শুরু

মাগুরার আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের পক্ষে রাষ্ট্রীয় খরচে নিয়োগ দেওয়া আইনজীবীর শুনানি শুরু হয়েছে হাইকোর্টে।
রোববার (২৩ আগস্ট) হাইকোর্টে শুনানি শুরু হয়েছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।
এর আগে গত ১২ আগস্ট বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলার ডেথ রেফারেন্স ও আসামির আপিলের শুনানি শুরু হয়। সেদিন রাষ্ট্রপক্ষে শুনানি শুরু করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।
মামলার প্রধান আসামি আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান।
একই রায়ে মামলার অপর তিন আসামি—আছিয়ার বোনের জামাই সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।
ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের পর মামলার নথিপত্র ডেথ রেফারেন্স হিসেবে অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়। বর্তমানে ওই ডেথ রেফারেন্সের পাশাপাশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের করা আপিলেরও শুনানি চলছে।



