Advertisement

সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ৭ দিনের রিমান্ডে

এশিয়া পোস্ট প্রতিবেদক
সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ৭ দিনের রিমান্ডে
আদালত চত্বরে মতিঝিল এলাকার ‘শীর্ষ সন্ত্রাসী’ তানিম রেজা বাপ্পি। ছবি: এশিয়া পোস্ট

ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার মতিঝিল এলাকার ‘শীর্ষ সন্ত্রাসী’ তানিম রেজা বাপ্পি ও তার সহযোগী রাকিবুল ইসলাম ভূঁইয়ার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৮ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম শুনানি শেষে এই আদেশ দেন।

এদিন দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও মতিঝিল থানার উপপরিদর্শক মোমিনুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের নাম-ঠিকানা যাচাই, ঘটনার সময় গুলি বর্ষণকারী পলাতক সহযোগীসহ অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের শনাক্ত ও তাদের সঠিক নাম-ঠিকানা সংগ্রহ করা প্রয়োজন। একই সঙ্গে বাকি আসামিদের গ্রেপ্তার এবং ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারে আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা দরকার। শুনানি শেষে আদালত তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শুক্রবার (১৭ জুলাই) সকালে হোটেল পূর্বাণী সংলগ্ন এলাকা থেকে বাপ্পি এবং দুপুরে উত্তর কমলাপুর থেকে রাকিবুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে দক্ষিণ কমলাপুরে বাপ্পির অফিসে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড রিভলভারের গুলি, দুই রাউন্ড পিস্তলের গুলি, দুটি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক শক গান এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

মামলার বিবরণে বলা হয়েছে, বাদী ইসমাইল হোসেন পেশায় একজন ব্যবসায়ী। পাশাপাশি তিনি মতিঝিল থানাধীন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পাশে কোরবানির অস্থায়ী গরুর হাটের ইজারাদার। গত ১৫ মে রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল থানাধীন এজিবি কলোনিতে অবস্থানকালে তার ব্যবহৃত মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে একটি কল আসে। কলটি রিসিভ করার পর আসামি বাপ্পি গরুর হাটে অংশীদার হিসেবে তাঁর মনোনীত লোককে রাখার জন্য চাপ সৃষ্টি করেন। একই সঙ্গে তিনি ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তার মনোনীত লোককে অংশীদার না করলে এবং দাবিকৃত চাঁদার টাকা না দিলে ইসমাইল হোসেনকে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

এর চারদিন পর, গত ১৯ মে সকাল ১০টার দিকে কোরবানির পশুর হাটসংক্রান্ত এক সভায় থাকাকালীন ইসমাইল হোসেনের ভাগনে হৃদয় মোবাইল ফোনে জানান যে, ভোরবেলা অজ্ঞাতনামা কে বা কারা তাদের অফিসে গুলি করেছে। এই ঘটনায় গত ২০ মে ইসমাইল হোসেন বাদী হয়ে মতিঝিল থানায় একটি চাঁদাবাজির মামলা করেন।