logo

কৃষককে খুনের ১৪ বছর পর পাঁচজনের যাবজ্জীবন

কৃষককে খুনের ১৪ বছর পর পাঁচজনের যাবজ্জীবন

ময়মনসিংহের হালুয়াঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক হাবিবুর রহমানকে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের শুক্কুর আলী (৫৪), আমির আলী (৪৩), জমির আলী (৪১), হাতেম আলী (৩৯) ও হারেজ আলী (৩৩)। 

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৪ অক্টোবর হালুয়াঘাটের মোকামিয়া গ্রামে জমির ধান কাটাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে হবিবুর রহমানকে পেটে অস্ত্র দিয়ে আঘাত ও মারধর করে জখম করা হয়। এ সময় তার মা সুফিয়া খাতুনও আহত হন। পরে গুরুতর অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় হবিবুর রহমান মারা যান।

এ ঘটনায় নিহতের ভাগ্নি নুরুন্নাহার ২০১২ সালের ১৬ অক্টোবর হালুয়াঘাট থানায় ২৫ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। মামলার বিচারিক কার্যক্রমে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। রায়ে ২০ আসামিকে খালাস দেওয়া হয় এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি মো. আবু হানিফ খান এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. হারুনুর রশিদ।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান।