logo
Advertisement

আবুল বারকাতের স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ

বাসস
আবুল বারকাতের স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ
আবুল বারকাতের স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতের ৪৯ লাখ ৬১ হাজার ৩৮৪ টাকার স্থাবর সম্পদ ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ৩ কোটি ৫০ লাখ ৩১ হাজার ৬৫ টাকা ও ১০ হাজার ২৫০ মার্কিন ডলারের অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ড. আবুল বারকাতের বিরুদ্ধে বিভিন্ন কোম্পানিকে অবৈধভাবে ঋণ প্রদানপূর্বক জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে।

অনুসন্ধানকালে অভিযোগ, সংশ্লিষ্ট ড. আবুল বারকাতের নিজ নামে সংযুক্ত ছকে উল্লিখিত ৪৯ লাখ ৬১ হাজার ৩৮৪ টাকার স্থাবর এবং ৩ কোটি ৫০ লাখ ৩১ হাজার ৬৫ টাকা ও ১০ হাজার ২৫০ মার্কিন ডলারের অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়।

বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্য মতে জানা যায় যে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার নামীয় স্থাবর ও অস্থাবর সম্পদসমূহ বিক্রি ও স্থানান্তর করার চেষ্টা করছেন।

অভিযোগ নিষ্পত্তির পূর্বে অর্জিত অবৈধ সম্পত্তিসমূহ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর বা বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে, বিধায় উল্লিখিত অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির নামীয় সম্পত্তিসমূহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ১৮-এর বিধান অনুযায়ী অবিলম্বে ক্রোক ও ফ্রিজ করা আবশ্যক।