দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক যাত্রাবাড়ীতে শিক্ষার্থী নাইম হাওলাদার (১৭) হত্যা এবং তারেক চৌকিদার হত্যাচেষ্টা মামলায় পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি ডেমরা জোনের সাব-ইনস্পেক্টর (নিরস্ত্র) নাজিম উদ্দিন ফকির আবেদনে উল্লেখ করেন, ২০২৪ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ী থানার উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্র-জনতার ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় আসামিদের ছোড়া গুলিতে নাইম হাওলাদার বাম কাঁধের সামনের দিকে গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই দিনই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, তারেক চৌকিদার নামের এক শিক্ষার্থী যাত্রাবাড়ি এলাকায় বাসার ছাদে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। এ মামলায় সাবেক চিফ হুইপের যোগসাজশ রয়েছে বলেও উল্লেখ করা হয়।
আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা আরও উল্লেখ করেন, আ স ম ফিরোজ বর্তমানে যাত্রাবাড়ী থানার অন্য একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক রয়েছেন। নাইম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, অপরাপর আসামিদের গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে আটক রাখার প্রয়োজন।
এর পরিপ্রেক্ষিতে আদালত তাকে নাইম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এর আগে, ২০২৪ সালের ২৩ আগস্ট রাজধানীর বনানী এলাকা থেকে আ স ম ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।


