ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ৫ দিনের রিমান্ডে
-1774469911-8574_1774469950-1774521828-8667_1774521869.jpg)
জুলাই হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদ এই আদেশ দেন।
এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন আসামি মামুনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে দেলোয়ার হোসেন (৪০) জুলাই ছাত্র আন্দোলনের পক্ষে মিরপুর-১০ নম্বর ফলপট্টিতে অবস্থান করছিলেন। এ সময় এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা ৫০০ থেকে ৭০০ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা মামুন খালেদের নির্দেশে নির্বিচার গুলি চালায়। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই মারা যান। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করলে প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে মামুন খালেদের জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া যায়। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড দরকার।
রাজধানীর মিরপুর এলাকা থেকে বুধবার (২৫ মার্চ) গভীর রাতে ডিজিএফআইয়ের এই সাবেক মহাপরিচালককে আটক করে ডিবি।
গত বছরের মে মাসে মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন আদালত। তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদসংক্রান্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধানের কথা জানায় দুদক।
মামুন খালেদ ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলের শেষ দিকে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক হন। পরে আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১-২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন।