logo

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের আরও তিন দিনের রিমান্ডে

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের আরও তিন দিনের রিমান্ডে

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরকে পঞ্চম দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার মহানগর হাকিম জামসেদ আলম শুনানি নিয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান।

গত ২৯ মার্চ বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে (৬১) রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর একটি বাসা থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

আফজাল নাছেরের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিল এলাকায়। ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে যোগ দেন তিনি।  ২০০৭ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক (ডিজি) ছিলেন আফজাল নাছের।

জানা গেছে, ওয়ান-ইলেভেনের সময় ডিজিএফআইয়ের অ্যান্টি-টেররিজম ইউনিটে কর্মরত ছিলেন আফজাল। ওই ইউনিটের প্রধান ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম আমিন। তার নেতৃত্বে আফজাল গ্রেপ্তার, নির্যাতনসহ নানা অপকর্মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে ওয়ান-ইলেভেনের সময় শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে পড়তে হয়। এসব ঘটনার বর্ণনায় বারবার এসেছে কর্নেল আফজালের নাম।

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে হেনস্তা ও জোরপূর্বক ভিডিও ধারণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ভাইরাল হওয়া ভিডিও ধারণের সঙ্গেও তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালুর ওপর নির্যাতনের ঘটনাতেও তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।