শর্ত ভঙ্গ করায় নোবেলের জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ

শর্ত ভঙ্গ করায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান (প্রিন্স) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামি জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তিনি বিয়ের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি এবং নেওয়া অর্থও ফেরত দেননি। এ কারণে তার জামিন বাতিলের আবেদন করা হলে আদালত মঞ্জুর করেন।
এর আগে, একই আদালত আপসের শর্তে ২৪ ফেব্রুয়ারি নোবেলকে অস্থায়ী জামিন দেন।
বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাত করায় ভুক্তভোগী নারী আনাননিয়া শবনম রোজ ২০২৫ সালের আগস্টে নোবেলের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
মামলার নথি অনুযায়ী, প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর কাছ থেকে ধাপে ধাপে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেন। পরবর্তীতে সেই টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করেন।
এ ঘটনায় মামলা হলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত। তদন্তে অভিযোগের সত্যতা পায় পিবিআই। পরে গত ৭ জানুয়ারি আদালতে প্রতিবেদন জমা দেন তদন্তকারী সংস্থা। এরপর গত ৩ ফেব্রুয়ারি নোবেল, তার মা ও স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি নোবেলকে গ্রেপ্তার করা হয়।