logo

রিমান্ড শেষে কারাগারে সাবেক সিনিয়র ওয়ারেন্ট হাফিজুর রহমান

রিমান্ড শেষে কারাগারে সাবেক সিনিয়র ওয়ারেন্ট হাফিজুর রহমান

কুমিল্লায় সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানের রিমান্ড শেষ হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর তিনটার দিকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক মো. মুমিনুল হক এ আদেশ দেন।

এর আগে গত ২১ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা হাফিজুর রহমানকে আটক করে। পরে তাকে তনু হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে তিন দিনের রিমান্ড দেওয়া হয়। রিমান্ড শেষে শনিবার তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. তরিকুল ইসলাম জানান, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তারকৃত হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই চলছে। অন্য সন্দেহভাজনদের আইনের আওতায় আনতে কাজ চলছে।

দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে তনুর পরিবার। তার বাবা ইয়ার হোসেন অভিযোগ করেন, শুরু থেকেই তিনি কয়েকজনের নাম উল্লেখ করতে চাইলেও তা গ্রহণ করা হয়নি। এখন দ্রুত সময়ের মধ্যে বাকি সন্দেহভাজনদের গ্রেপ্তার করে বিচার সম্পন্ন করার দাবি জানান তিনি।

তনুর ভাই আনোয়ার হোসেন বলেন, আমরা কোনো বাহিনীর বিচার চাই না, অপরাধীদের বিচার চাই। দ্রুত বিচার হলে সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন হবে।

২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। পরে একাধিকবার ময়নাতদন্ত হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।