জুলাই হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় করা ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদের আদালতে আইভীর পক্ষে জামিন চাইলে শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেন আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন। সাবেক মেয়র আইভী বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন।
মামলা সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় ২০২৪ সালের ২০ জুলাই আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় সিদ্ধিরগঞ্জের একটি বহুতল ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ভবনের তৃতীয় তলায় অভ্যন্তরীণ সজ্জার কাজ করতে থাকা তিন কর্মী পুড়ে মারা যান। তিন দিন পর তাদের মরদেহ ভবনটি থেকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন ছিলেন ২৯ বছর বয়সি সেলিম মন্ডল। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর চরজগন্নাথপুর গ্রামে।
ওই ঘটনার ১০ মাস পর গত বছরের ৬ জুন তার ভাই ওয়াজেদ আলী একটি হত্যা মামলা করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৮০ জনকে আসামি করা হয়। ওই
এদিকে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ১৮ আগস্ট আইভীকে মেয়রের পদ থেকে অপসারণ করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। এরপর গত বছরের ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আইভীকে জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এই পাঁচ মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে আইভী হাইকোর্টে জামিন চেয়ে পাঁচটি পৃথক আবেদন করেন এবং জামিন পান। পাঁচ মামলায় জামিন পেলেও তার মুক্তি মেলেনি। এখন পর্যন্ত আইভীকে ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।