এমপি হিসেবে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

এশিয়া পোস্ট নিউজ
এমপি হিসেবে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-৪ আসন থেকে নির্বাচিত বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী ঋণখেলাপি হওয়ায় সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

Advertisement

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেন। এর আগে গত ১৫ জুন উভয় পক্ষের শুনানি শেষে আদালত রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিলেন।

মামলার নথি অনুযায়ী, আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ ওঠার পর থেকেই তার প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা শুরু হয়। নির্বাচন কমিশন গত ১৮ জানুয়ারি তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ হাইকোর্টে রিট আবেদন করে। পরে হাইকোর্ট রিটটি খারিজ করে দিলে ব্যাংকটি আপিল বিভাগে আবেদন করে।

এদিকে একই বিষয়ে হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকীও লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আবেদনটি গ্রহণ করে আসলাম চৌধুরীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলেও একটি গুরুত্বপূর্ণ শর্ত আরোপ করেন। আদালত নির্দেশ দেন, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ করা যাবে না এবং ফল গেজেট আকারেও প্রকাশ করা যাবে না।

পরে আদালতের অনুমতি নিয়ে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হন। তবে আপিল বিভাগের স্থগিতাদেশের কারণে তার বিজয়ের গেজেট এখন পর্যন্ত প্রকাশিত হয়নি।

সর্বশেষ রায়ে আপিল বিভাগ জানিয়েছেন, ঋণখেলাপির কারণে আসলাম চৌধুরী সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে পারবেন না। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের আইনি বিরোধের অবসান হলো।