আবারও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন আবেদন খারিজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা ও দায়িত্বরত কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন পুনরায় নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন খারিজের নির্দেশ দেন। এর আগে গত ৪ অক্টোবরও একই মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছিল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর মদিনা থেকে জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় ফেরেন। বিমানবন্দরে পৌঁছানোর পর লাগেজ ও ট্রলি সংগ্রহে বিলম্ব এবং জমজমের পানি পাওয়া নিয়ে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনার জের ধরে সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে বিমানবন্দর থানায় মামলা করেন নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব।
পরদিন ২ অক্টোবর বিমানবন্দর এলাকা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানালে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ৪ অক্টোবর তাকে আদালতে হাজির করা হলে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
