‘বস্তা বস্তা টাকা লেনদেন’ বক্তব্য মুখ ফসকে বলা, ট্রাইব্যুনালে ফুয়াদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে’-এমন বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বা মুখ ফসকে বলা কথা বলে ব্যাখ্যা দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
সোমবার (২৩ নভেম্বর) আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি এ বক্তব্য দেন। শুনানি শেষে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে তাকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল এবং আদালত অবমাননার অভিযোগটি নিষ্পত্তি করেন।
শুনানি শেষে প্রসিকিউটর গাজী এমএইচ তামীম বলেন, ব্যারিস্টার ফুয়াদ তার আগের বক্তব্যকে মুখ ফসকে বলা কথা হিসেবে উল্লেখ করে অনুতাপ প্রকাশ করেছেন। আদালত তাঁকে ভবিষ্যতের জন্য সতর্ক করে অভিযোগটি নিষ্পত্তি করেছেন।
এ সময় ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার বলেন, এ ধরনের মিথ্যা বক্তব্যের কারণে দেশ ও বিশ্বের কাছে বাংলাদেশের আদালত সম্পর্কে নেতিবাচক বার্তা গেছে, যা অনেকের ক্ষতির কারণ হয়েছে।
ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে সাংবাদিকদের ফুয়াদ বলেন, ‘বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে’ বলতে তিনি শুধু ট্রাইব্যুনাল বা বিচারকদের বোঝাননি; বরং পুরো বিচারিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানকে বুঝিয়েছেন। এ বিষয়ে গণমাধ্যমে বিভিন্ন সময় অর্থ লেনদেনের খবর প্রকাশিত হয়েছে বলেও দাবি করেন তিনি।
ফুয়াদ আরও জানান, বক্তব্য দেওয়ার ক্ষেত্রে শব্দচয়নে সতর্ক থাকতে বলেছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বজায় রাখা এবং বিচারপ্রক্রিয়াকে বিতর্কিত হওয়া থেকে রক্ষা করতে দায়িত্বশীলভাবে কথা বলার আহ্বান জানানো হয়েছে।
আদালতে ফুয়াদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।
এর আগে, গত ১ নভেম্বর এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে দেওয়া বক্তব্যে ফুয়াদ ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেছিলেন বলে জানিয়েছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম। ওই বক্তব্য নজরে এলে ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগে নোটিশ জারি করে তাঁকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন।
পরবর্তী সময়ে গত ৪ নভেম্বর ফুয়াদ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয় এবং সময়ের আবেদন করা হলে ট্রাইব্যুনাল হাজিরার জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করেন। সে অনুযায়ী আজ সোমবার তিনি ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দেন।

-1962b8.jpg)
