সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী এস এম আবুল কালাম আজাদ।
এর আগে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১৫ জুলাই মামলার রায়ের জন্য দিন ধার্য করেছিলেন আদালত।
মামলার নথি অনুযায়ী, আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসার পর ২০২২ সালে এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। একই বছরের মার্চে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তিনি ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদ থেকে অবসর নেন।
পরে ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের এনফোর্সমেন্ট টিম তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, এস কে সুর, তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস এবং সম্পদ অর্জনের বিস্তারিত তথ্য জমা দেওয়ার জন্য তাকে নোটিশ দেওয়া হয়েছিল। ২০২৫ সালের ২৭ অক্টোবর তিনি নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণীর ফরম ও আদেশ গ্রহণ করলেও আইন অনুযায়ী নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দেননি।
এ কারণে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর এস কে সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন।
পরে একই বছরের ২৫ আগস্ট মামলায় অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন। ৬ নভেম্বর আদালত এস কে সুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
.png)






