বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

রাজধানীর আদাবর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে স্থানীয় বিএনপি নেতা ইসহাক জোমাদ্দার হত্যা মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক (এসআই) মহেশ চন্দ্র সিংহ আসামি শাহজাহান ওমরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন জানান।
নথি ও মামলার অভিযোগ থেকে জানা যায়, নিহত ইসহাক জোমাদ্দার (৫০) আদাবর থানা এলাকার ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে আদাবর থানার শ্যামলী ক্লাব মাঠের বিপরীত পাশে আন্দোলন চলাকালে তিনি গুলিবিদ্ধ হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা আবেদনের বিষয়ে উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়, যাতে ইসহাক নিহত হন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং আসামি জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে যাওয়া ঠেকাতে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো জরুরি ছিল।
আবেদনে আরও উল্লেখ করা হয়, ব্যারিস্টার শাহজাহান ওমরের বিরুদ্ধে নিউমার্কেট থানা এবং ঝালকাঠির রাজাপুর থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক হত্যা, দুর্নীতি ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলা বিচারাধীন রয়েছে।



