হাসিনা-কামালের সব সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত পলাতক শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে চিফ প্রসিকিউটরের কার্যালয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) এই চিঠি পাঠানো হয়েছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
চিফ প্রসিকিউটরের সই করা এই চিঠি সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব এবং আইনমন্ত্রীর একান্ত সচিবকে অবগত করা হয়েছে।
চিঠির বিষয় হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর রায়ে দণ্ডিত পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পত্তি বাজেয়াপ্তকরণের আদেশ বাস্তবায়ন প্রসঙ্গ।
চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল-১ একটি মামলার রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত এ দুই আসামির সব সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদ পরিবার ও ভিকটিমদের ক্ষতিপূরণ হিসেবে বিলিবন্দোবস্ত করার আদেশ প্রদান করেছেন। এই মামলার রায়ে ট্রাইব্যুনাল সম্পত্তি বাজেয়াপ্তকরণের আদেশ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
চিফ প্রসিকিউটর কার্যালয়ের দেওয়া চিঠিতে আরও বলা হয়েছে, অনতিবিলম্বে দণ্ডিত পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে না নিলে তারা যেকোনো সময় তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ভোগ, বিক্রয় বা অন্যভাবে হস্তান্তর করে ট্রাইব্যুনালের বাজেয়াপ্তকরণ–সংক্রান্ত রায় ও আদেশ নিষ্ফল করে দিতে পারেন।
এমতাবস্থায় অনতিবিলম্বে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব স্থাবর-অস্থাবর সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে তা রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে ট্রাইব্যুনালের আদেশমতে জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ পরিবার ও ভিকটিমদের ক্ষতিপূরণ হিসেবে বিলিবন্দোবস্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আপনাকে সবিশেষ অনুরোধ করা হলো।


