সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানা কারাগারে

রিমান্ড শেষে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আশিকা সুলতানাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মিরপুর মডেল থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছিল।
বৃহস্পতিবার (২ জুলাই) এ মামলায় দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন হোসেন।
শুনানি শেষে তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন দিদারুল আলমের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আবেদনে বলা হয়, আসামিকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে এই আসামি এই মামলাসহ বর্তমান নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। পরে আবার জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন হতে পারে। জামিনের বিরোধিতা করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
তবে আসামি আশিকা সুলতানার পক্ষে কোনো আবেদন ছিল না বলে জানান প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম।
মামলার, বিবরণে বলা হয়েছে, গত ১৯ জুন মিরপুর এক নম্বরের এপেক্স শোরুম-সংলগ্ন বাটা শোরুমের সামনের রাস্তায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন সরকারবিরোধী মিছিল করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উপস্থিত আসামিরা তাদের কাছে থাকা বিভিন্ন ব্যানার ফেস্টুন রেখে পালিয়ে যায়।
এরপর ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা মিছিল করেছেন। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করে।





