বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ স্থগিত করা হয়েছে। আগামী ১৯ মে এই নির্বাচন হওয়ার কথা ছিল।
বুধবার (১৫ এপ্রিল) রাতে বার কাউন্সিলের এক জরুরি সভায় উপস্থিত সদস্যগণের সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে এক বিবৃতি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী বিদ্যমান তীব্র জ্বালানি সংকটের কারণে আগামী ১৯ মে তারিখে অনুষ্ঠাতব্য বার কাউন্সিল সদস্য নির্বাচনে সাধারণ আসনের ৭টি ও আঞ্চলিক আসনের ৭টি পদে অংশগ্রহণকারী আইনজীবীদের সারাদেশে নির্বাচনি প্রচারণা কার্যক্রমসমূহ উল্লেখযোগ্যভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এরই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার সমিতির নিকট থেকে প্রাপ্ত আবেদন ও অনুরোধসমূহ যথাযথভাবে বিবেচনায় নিয়ে আগামী ১৯ মে অনুষ্ঠাতব্য বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন স্থগিত করা হলো।
তবে এই নির্বাচনের পরবর্তী তারিখ সম্পর্কে বিবৃতিতে কিছু জানানো হয়নি।
এর আগে, গত ২ এপ্রিল বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ বার কাউন্সিল-এর সদস্য নির্বাচন-২০২৬ এর ভোটগ্রহণের জন্য ১৯ মে দিন নির্ধারণ করা হয়েছিল।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর এডহক কমিটি গঠনের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।