৬ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক নাছের

জুলাই আন্দোলনে সংগঠিত হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরকে ছয় দিনের রিমান্ডে পেয়েছে ডিবি পুলিশ।
সোমবার (৩০ মার্চ) ঢাকার মহানগর হাকিম হাসিব উল্লাহ পিয়াস শুনানিকালে এ আদেশ দেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।
এর আগে রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, আফজাল নাছের ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯ সালের ৫ নভেম্বর সেনাবাহিনী থেকে বরখাস্ত হন। নোয়াখালীর সেনবাগের বাসিন্দা আফজাল নাছের ১৯৮৪ সালের ৪ জুলাই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন।
গত ২৫ মার্চ এক-এগারো সরকারের সঙ্গে সংশ্লিষ্ট আরেক বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি। তিনি ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ছিলেন। বর্তমানে শেখ মামুন খালেদ রিমান্ডে রয়েছেন।