এক আসামির স্বীকারোক্তি, আরেকজন ৫ দিনের রিমান্ডে

রাজধানীর এক কলেজশিক্ষার্থীকে লঞ্চের কেবিনে ধর্ষণের মামলায় মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২) নামে এক আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) নামে আরেক আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ জবানবন্দি রেকর্ড করেন এবং রিমান্ডের আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার ইন্সপেক্টর মোহাম্মদ মশিউল আলম আসামিদের আদালতে হাজির করেন। নুরুজ্জামান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড এবং সাকিবের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে নুরুজ্জামান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আর সাকিবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
রোববার হাতিয়ার তজমুদ্দিন লঞ্চঘাট থেকে ঢাকাগামী ফারহান-৪ লঞ্চে আসার পথে ধর্ষণের শিকার হন ১৭ বছরের ওই ছাত্রী। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে সোমবার রাতে কোতোয়ালি থানায় সাকিব ও নুরুজ্জামানের নামে মামলা করেন।