Advertisement

নাসির ও তামিমাকে মামলা থেকে খালাস

এশিয়া পোস্ট নিউজ
নাসির ও তামিমাকে মামলা থেকে খালাস
ছবি: সংগৃহীত

ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে হওয়া মামলার রায় দিয়েছেন আদালত। তাদেরকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় নাসির ও তামিমা আদালতে উপস্থিত ছিলেন।

রায়ে উল্লেখ করা হয়, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির পৃথক ধারার আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।

এরে আগে, নাসিরের বিরুদ্ধে অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার এবং মানহানির অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছিল।

মামলার তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে অভিযোগ ওঠে, তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়েই এই বিয়ে করেন।

এই ঘটনার পর একই বছরের ২৪ ফেব্রুয়ারি তামিমার আগের স্বামী রাকিব তাদের বিরুদ্ধে মামলা করেন।

পরে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।

গত ৬ মে উভয় পক্ষের শুনানি শেষ হয়। সেদিন যুক্তি উপস্থাপন শেষে আদালত আজকের দিনটি রায়ের জন্য নির্ধারণ করেন। শুনানিতে বাদীপক্ষ সর্বোচ্চ শাস্তি দাবি করে, আর আসামিপক্ষ খালাস চায়।