logo

চিফ হুইপকে ব্ল্যাকমেলের অভিযোগে যুবক কারাগারে

চিফ হুইপকে ব্ল্যাকমেলের অভিযোগে যুবক কারাগারে

বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে ব্ল্যাকমেলের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া ও বিভ্রান্তিকর পোস্ট ছড়ানোর অভিযোগের এক মামলায় এ এম হাসান নাসিম নামের এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন। এদিন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই রায়হানুর রহমান। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। 

বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম বলেন, আদালত জামিন ও রিমান্ড উভয় আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠিয়েছেন। আগামীকাল জামিনের শুনানির জন্য দিন ধার্য করেছেন।

মামলার সূত্রে জানা যায়, বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে ব্ল্যাকমেলের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া ও বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো হয়। এ ঘটনায় মো. নজরুল ইসলাম নামে এক ব্যক্তি গুলশান থানায় এজাহার দায়ের করেন।

এজাহার অনুযায়ী, গত ১১ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে গুলশান-২ এলাকার একটি বাসায় অবস্থানকালে তিনি দেখতে পান, একটি ফেসবুক আইডি থেকে চিফ হুইপকে নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তিমূলক পোস্ট প্রচার করা হচ্ছে। একই সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ওই পোস্টগুলোর স্ক্রিনশট পাঠিয়ে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করা হয়।

অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর ডিএমপির গোয়েন্দা বিভাগের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে শের-ই-বাংলা নগর এলাকা থেকে এ এম হাসান নাসিমকে (৩৫) গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে মামলার সঙ্গে সংশ্লিষ্ট আলামত জব্দ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার, আরও আলামত উদ্ধার এবং ঘটনার পেছনের মূল রহস্য উদঘাটনের জন্য আসামিকে সাত দিনের পুলিশ রিমান্ডে নেওয়া প্রয়োজন।