logo
Advertisement

শপথ নিলেন আপিল বিভাগের নতুন বিচারপতি হাবিবুল গনি

এশিয়া পোস্ট ডেস্ক
শপথ নিলেন আপিল বিভাগের নতুন বিচারপতি হাবিবুল গনি
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনিকে শপথবাক্য পড়ান ছবি: প্রথম আলো

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি মো. হাবিবুল গনি।

Advertisement

রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত এই বিচারপতিকে শপথবাক্য পড়ান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এর মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা এখন পাঁচজনে দাঁড়িয়েছে।

শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, আমন্ত্রিত অতিথিরা ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন ২৭ আগস্ট জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারক মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। বিচারপতি মো. হাবিবুল গনির এ নিয়োগ তাঁর শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

বিচারপতি হাবিবুল গনি ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর তিনি ২০১২ সালের ১৫ এপ্রিল হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।