logo

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু, এক আসামির জামিন

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু, এক আসামির জামিন
নিহত স্কুলশিক্ষিকা মোছা. রনজিলা সরকার ও সন্দেহভাজন দুই মোটরসাইকেল আরোহীর সিসিটিভি ফুটেজ। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিনের মৃত্যুর ঘটনায় করা মামলায় এক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিন পাওয়া আসামির নাম মো. রাকিব হোসেন (২৪)।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলায় পুলিশের প্রতিবেদন জমা দেওয়া পর্যন্ত রাকিবের জামিন মঞ্জুর করেছেন আদালত। এ জন্য পাঁচ হাজার টাকা মুচলেকা ধার্য করা হয়েছে। আসামির বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তিনি শিগগির কারামুক্ত হতে পারবেন বলে আশা প্রকাশ করেন এই আইনজীবী।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট ভোরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে ছিনতাইকারীদের কবলে পড়ে নিহত হন রনজিলা পারভিন। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে ঢাকায় এসেছিলেন রনজিলা। ওই দিন ভোরে কল্যাণপুর বাস টার্মিনালে নেমে ব্যাটারিচালিত রিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন তিনি। সংসদ ভবন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রনজিলার স্বামী আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় রাকিব হোসেনের জামিন মঞ্জুর করলেন আদালত।