নাতির হাতে দাদী খুন, ৯৯৯ এ ফোনে অভিযুক্ত গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক কলহের জেরে দাদীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে নাতি মোহাম্মদ শাকিল ইসলাম (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোনকল পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, গতকাল বুধবার সাঘাটা থানার খামার পবনতাইর এলাকা থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে তথ্য দিয়ে জানায় পারিবারিক কলহের জেরে এক যুবক তার দাদীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন।
তিনি আরও জানান, খবর পেয়ে ৯৯৯ কলটেকার কনস্টেবল অনিক সেই কলটি গ্রহণ করেন এবং পুলিশ ডিসপাচার এসআই আওলাদ হোসেন ফোন করা ওই ব্যক্তি এবং সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করেন। ৯৯৯ এর তথ্যের ভিত্তিতে সাঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মোহাম্মদ শাকিল ইসলামকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।




