এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।
চার দিনের রিমান্ড শেষে এদিন গাজী নজরুল ইসলামকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে পুলিশ জানায়, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, মৃত মরিয়ম খাতুন খুবই আবেগপ্রবণ ছিলেন। অভিমান ও পারিবারিক বিভিন্ন ঝামেলার কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে তদন্তে জানা গেছে।
তবে মামলাটি চাঞ্চল্যকর উল্লেখ করে পুলিশ জানায়, ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে গাজী নজরুল ইসলামকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে পুনরায় সাত দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয়তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকসুদা বেগম এবং শ্যালক ওবায়দুর রহমানকে আসামি করা হয়।
মামলায় গ্রেপ্তারের পর ২১ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামের চার দিন এবং মাকসুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ২২ সেপ্টেম্বর মাকসুদাকে কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে, মামলায় গ্রেপ্তার মরিয়মের মামা ওবায়দুর রহমানকে গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) কারাগারে পাঠানো হয়েছে।
