logo

আর এস ফাহিম এবার সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার

আর এস ফাহিম এবার সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার
আর এস ফাহিম চৌধুরী। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে এবার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার (১৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই আদেশ দেন।

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাষ্ট্রের অখণ্ডতা বিপন্ন করা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে অর্থ জোগান দিতেন এই কনটেন্ট ক্রিয়েটর।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আদালত কর্তৃক গ্রেপ্তার দেখানোর বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপপরিদর্শক (এসআই) আমির হামজা গত ৯ জুন ফাহিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। আসামির উপস্থিতিতে আজ শুনানির পর আদালত তা মঞ্জুর করেন।

পুলিশের করা আবেদনে বলা হয়েছে, আর এস ফাহিম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা। মামলার এজাহার অনুযায়ী, আসামিরা রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করাসহ রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আর এই পুরো প্রক্রিয়ায় অর্থের জোগানদাতা হিসেবে কাজ করতেন ফাহিম। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে এই অর্থায়নের তথ্যপ্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর রমনা পার্কের হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে আসামিরা একটি গোপন বৈঠকে মিলিত হন। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান। এ ঘটনায় রমনা থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, গত ২৯ মার্চ বিকেলে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা এলাকা থেকে ফাহিমকে আটক করে একদল শিক্ষার্থী ও স্থানীয় জনতা। পরে তাকে শাহ আলী থানা হয়ে গুলশান থানায় হস্তান্তর করা হয়। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঘটে যাওয়া একটি হত্যা মামলায় গত ৩০ মার্চ তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। তখন থেকেই এই কনটেন্ট ক্রিয়েটর কারাগারে বন্দি রয়েছেন।