logo
Advertisement

সুপ্রিম কোর্টের হেল্পলাইনে অভিযোগ পেলেই দ্রুত নিষ্পত্তি, মিলছে প্রতিকার

বাসস
সুপ্রিম কোর্টের হেল্পলাইনে অভিযোগ পেলেই দ্রুত নিষ্পত্তি, মিলছে প্রতিকার
গত ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টার উদ্বোধন করা হয়। ছবি: বাসস

দেশের বিভিন্ন জেলার বিচারপ্রার্থী, আইনজীবী ও সেবাপ্রার্থীরা সুপ্রিম কোর্ট হেল্পলাইনে আবেদন ও অভিযোগ করে দুই থেকে চার কার্যদিবসের মধ্যেই প্রতিকার পাচ্ছেন। সম্প্রতি এমন কয়েকটি অভিযোগ দ্রুত নিষ্পত্তির তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্টের হেল্পলাইন মনিটরিং সেল।

Advertisement

মনিটরিং সেলের সর্বশেষ তথ্য অনুযায়ী, ফরিদপুরের আলাউদ্দিন শিকদার মামলার সমন জারি-সংক্রান্ত সমস্যার প্রতিকার চেয়ে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে লিখিত আবেদন করেন। আবেদনের চার কার্যদিবসের মধ্যেই তাঁর সমস্যার সমাধান করা হয়। দ্রুত প্রতিকার পাওয়ার পর তিনি হেল্পলাইনে যোগাযোগ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সালেকও হেল্পলাইনের মাধ্যমে দ্রুত সেবা পেয়েছেন। সিভিল রিভিশন শাখায় দীর্ঘদিন ধরে একটি নথি খুঁজে না পাওয়ায় তিনি হেল্পলাইনে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করা হয়।

নোয়াখালীর লিংকন মিয়া লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের একটি মামলার নকল বা সার্টিফায়েড কপি পেতে বিলম্ব হওয়ায় সুপ্রিম কোর্ট হেল্পলাইনে অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর হেল্পলাইন থেকে সংশ্লিষ্ট জেলার সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর মাত্র দুই কার্যদিবসের মধ্যে মামলার নকল সরবরাহের ব্যবস্থা করা হয়। দ্রুত সেবা পাওয়ায় লিংকন মিয়াও সুপ্রিম কোর্ট হেল্পলাইনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সুপ্রিম কোর্টের হেল্পলাইন মনিটরিং সেলের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত দেশ ও বিদেশ থেকে আইনি পরামর্শ, মামলা-সংক্রান্ত তথ্য ও অভিযোগের বিষয়ে মোট ৬ হাজার ৫৫৪টি কল এসেছে।

এর মধ্যে আইনি পরামর্শের জন্য ৮৭০টি এবং মামলা-সংক্রান্ত তথ্য জানতে ১ হাজার ১৩০টি কল করা হয়েছে। বাকি কলগুলো বিভিন্ন অভিযোগ ও সেবা-সংক্রান্ত বিষয়ে করা হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশক্রমে গত ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টার উদ্বোধন করা হয়। একই সঙ্গে ‘১০৩’ নম্বরে সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালু করা হয়।

বর্তমানে সুপ্রিম কোর্টের ০১৩১৬-১৫৪২১৬ ও ০১৭৯৫-৩৭৩৬৮০ নম্বরে কল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগের সুযোগ রয়েছে। পাশাপাশি ‘১০৩’ নম্বরে অনলাইন সেবাও চালু আছে।