logo
Advertisement
আবু সাঈদ হত্যা

সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক উপাচার্য ট্রাইব্যুনালে

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক উপাচার্য ট্রাইব্যুনালে
বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশিদ। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশিদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (১৭ মে) দুপুরে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জানা গেছে, বেরোবির সাবেক এই উপাচার্যকে কারাগারে পাঠানোর আবেদন করবে প্রসিকিউশন।

রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে শনিবার (১৬ মে) রাতে হাসিবুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ৯ এপ্রিল আবু সাঈদ হত্যার দায়ে ৩০ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে প্রধান আসামি হিসেবে হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় হাসিবুর রশিদসহ মামলার ২৪ আসামি পলাতক ছিলেন।

২০২৫ সালের ২৪ জুন বহুল আলোচিত আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। তদন্ত সংস্থার প্রতিবেদন যাচাই-বাছাই শেষে ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। ওই দিনই অভিযোগটি আমলে নিয়ে ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

এরপর ৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। সূচনা বক্তব্যের মাধ্যমে বিচার শুরু হয় ২৭ আগস্ট। এরপর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে গত ৯ এপ্রিল আলোচিত ওই মামলাটির রায় ঘোষণা করা হয়।