Advertisement

আহত ব্যক্তিকে সব হাসপাতাল-ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিতে নির্দেশনা জারির নির্দেশ

এশিয়া পোস্ট ডেস্ক
আহত ব্যক্তিকে সব হাসপাতাল-ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিতে নির্দেশনা জারির নির্দেশ

যেকোনো দুর্ঘটনায় আহত যেকোনো ব্যক্তিকে সব সরকারি-বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিতে নির্দেশনা (সার্কুলার) জারি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

Advertisement

আট বছর আগে জারি করা রুল নিষ্পত্তি করে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের বেঞ্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি এই নির্দেশনা দেন।

রাজধানীতে পৃথক ছিনতাইয়ের মুখোমুখি হয়ে খুলনার ব্যবসায়ী মো. ইব্রাহিম ও বরিশালের হেলেনা বেগমের প্রাণহানির ঘটনায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দুই আইনজীবী ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি রিটটি করেন। প্রাথমিক শুনানির পর রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুলে ওই দুজনের জীবন রক্ষায় সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চান আদালত।

একই সঙ্গে দুর্ঘটনায় আহত যেকোনো ধরনের ব্যক্তিকে সব হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিতে নির্দেশনা জারি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও জানতে চাওয়া হয় রুলে।

রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। এ সময় সঙ্গে ছিলেন আইনজীবী সঞ্জয় মণ্ডল ও নাসরিন সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ জীসান হায়দার।