যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় পিরোজপুরে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মুজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামিই পলাতক ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মঠবাড়িয়া উপজেলার ঘোপখালী গ্রামের মো. কামরুল আকন এবং চরকখালী গ্রামের মো মো. সোহাগ হাওলাদার। একই মামলার অপর আসামি মো. ইউসুফ আকনকে অভিযোগ থেকে খালাস দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৭ মে বিকেলে মঠবাড়িয়া পৌর এলাকার বেতমোর বাজারে মো. হালিম কাজীর ছেলে রাকিবুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ওই দিনই মঠবাড়িয়া থানায় কামরুল আকন, সোহাগ হাওলাদার, ইউসুফ আকনসহ আরও ২-৩ জন অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে হত্যা মামলা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী আবুল কালাম আকন বলেন, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। মামলার তদন্ত, সাক্ষীদের সাক্ষ্য এবং আদালতে উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে বিচারক দুই আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। অপর এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন।
.png)





