logo

শুনানির অপেক্ষায় আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা

শুনানির অপেক্ষায় আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখ। ছবি : সংগৃহীত

মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা শুনানির অপেক্ষায় রয়েছে। এর মধ্যেই মামলাটির পেপারবুক হাইকোর্টে পৌঁছেছে।

জানা গেছে, সোমবার (৮ জুন) ছাপাখানা থেকে পেপারবুক হাইকোর্টে পৌঁছেছে। এখন শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করবেন প্রধান বিচারপতি।

গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। এরপর প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুরের হাসপাতাল নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হলেও বাঁচানো যায়নি আছিয়াকে। ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

এ ঘটনায় আসামি হিটু শেখকে ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এর চার দিন পর ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পৌঁছায়।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এক আইনজীবী বলেন, হাইকোর্টে ডেথ পেনাল্টিগুলো শুনানি হয় সিরিয়াল অনুসারে। বলা যায় আগের বছরের ডেথ পেনাল্টিগুলো আগে শুনানি হয়, পরেরগুলো পরে হয়। এমন অবস্থায় আমরা প্রায় চার পাঁচ বছরের মতো একটা ব্যাকলক্সের মধ্যে রয়েছি।