Advertisement

খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এশিয়া পোস্ট ডেস্ক
খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রাসিকের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন। ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের সময় রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

প্যানেলের বাকি দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মঈনুল করিম, মার্জিনা রায়হান, সহিদুল ইসলাম সরদার ও তারেক আবদুল্লাহ।

শুনানিতে প্রসিকিউটর জহিরুল এ মামলায় আনা অভিযোগ তুলে ধরেন। পাশাপাশি ট্রাইব্যুনালে তিনটি ভিডিও দেখান। এসব ভিডিওতে আসামিদের অস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। তিনি কয়েকজনকে আসামিকে শনাক্ত করেন। একই সঙ্গে পলাতক আসামিদের নামে গ্রেপ্তারি পরোয়ানা ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চান। এরপর আবেদন মঞ্জুর করে ৩৪ জনের বিরুদ্ধে পরোয়ানা ও চারজনকে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এ ছাড়া পরবর্তী শুনানির জন্য আগামী ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ৩৪ জন হলেন খায়রুজ্জামান লিটন, হুমায়ুন কবির, রকি কুমার ঘোষ, বিপ্লব বিজয় তালুকদার, বাপ্পী চৌধুরী রনি, রাশিক দত্ত, মহিদুল ইসলাম মোস্তফা, রাশেদুল করিম রোজেল, খালিদ হাসান বিপ্লব, আব্দুল হামিদ সরকার ওরফে টেকন, মেহেদী হাসান ওরফে রনি, জেডু সরকার ওরফে জাবেদুর রহমান, আনোয়ার হোসেন ওরফে আনার, শাহাদত হোসেন শাহু, আরমান আলী, আব্দুল মোমিন, তৌহিদুল হক সুমন, মাহতাব হোসেন চৌধুরী, আলাউদ্দিন ওরফে আলাল, সরিফুল ইসলাম বাবু, ফরহাদ হোসেন বিপ্লব, মো. নাবিল হাসান, মাহমুদুল হাসান রাজীব, তৌরিদ আল মাসুদ রনি, মেহেদী হাসান রিমেল ওরফে রিগেন, আশরাফুল ইসলাম জাফর, সুকান্ত কুমার দাস, ফয়সাল আহমেদ রুনু, নুর মোহাম্মদ সিয়াম, আসাদুল্লা-হিল-গালিব, মনিরুজ্জামান খান ওরফে মনির, গোলাম কিবরিয়া, শফিকুজ্জামান ওরফে শফিক ও আলাল পারভেজ লুলু।

প্রোডাকশন ওয়ারেন্ট জারি হওয়া চারজন হলেন রাজশাহী-৩ আসনের সাবেক এমপি মো. আসাদুজ্জামান আসাদ, ডাবলু সরকার, জহিরুল ইসলাম রুবেল ও মোহাইমিনুল ইসলাম মানিক।

এর আগে গত ৩০ জুলাই এই ৩৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এরই পরিপ্রেক্ষিতে আজ আমলে নেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার শেখেরচক স্বচ্ছ টাওয়ারের বিপরীতে লবঙ্গ রেস্টুরেন্টের সামনে আন্দোলনকারী রায়হান আলীকে গুলি চালিয়ে হত্যা করা হয়। একই সময় শাহ মখদুম কলেজের সামনে হত্যাকাণ্ডের শিকার হন আনজুম সাকিব।

এ ছাড়া সালমান ওরফে শিমুলসহ আরও বহু মানুষকে আহত করা হয়। শেখেরচক স্বচ্ছ টাওয়ারের সামনে, শাহ মখদুম কলেজের সামনে, পদ্মা নদীর বেড়িবাঁধ, আলুপট্টি মোড় ও আশপাশের এলাকায় সংঘটিত এসব ঘটনা মানবতাবিরোধী অপরাধের শামিল, যা শাস্তিযোগ্য অপরাধ।