জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে আজ বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, বিমানবন্দরে আখতারুজ্জামান বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কোনো কুচক্রী মহলের ইন্ধন ছিল কি না, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
আদালত সূত্রে জানা গেছে, তাকে এ মামলায় গতকাল গ্রেপ্তারের পরে আজ রিমান্ড শুনানির জন্য আদালতের হাজতখানায় নিয়ে রাখা হয়েছে।
আদালতে তোলার আগে প্রিজন ভ্যান থেকে উপস্থিত সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করে মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, আমি হেলমেট পরব না জানিয়ে দেন। আমাকে অন্যায়ভাবে অবৈধভাবে হেলমেট পরানো হচ্ছে। আমি আওয়ামী লীগের না। আমি হেলমেট পরব না। আমার প্রয়োজনে মৃত্যু হবে এখানে, পুলিশের গুলি খাব। তবু আমি হেলমেট পরব না। আমাকে হাতকড়া পরান।
