রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ রিটটি দায়ের করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার ও সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
আগামী রোববার (১৬ আগস্ট) রিটের শুনানি হতে পারে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ওই দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হবে।
গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তপশিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
একাধিক প্রার্থী থাকলে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোট গ্রহণ করা হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচনে নির্বাচনি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
তপশিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। আর ভোটগ্রহণ হবে ২০ আগস্ট।
.png)


